বাংলাদেশের খবর

আপডেট : ০৯ March ২০১৯

নির্যাতিতার নয়, ধর্ষকের নাম-পরিচয় প্রচার করুন: প্রধানমন্ত্রী


প্রায় শিশু ধর্ষণ, নারী ধর্ষণের কথা শোনা যাচ্ছে। যা অত্যন্ত গর্হিত কাজ। যারা এসব কাজ করছে, তারা সমাজের শত্রু। তাদের নামধাম পরিচয় ভালোভাবে প্রচার করা দরকার। নির্যাতিতা নারী নয়, যে ধর্ষক বা নির্যাতনকারী, তার চেহারা এমনভাবে প্রচার করতে হবে যেন সমাজের প্রত্যেকটা মানুষ তাকে ঘৃণার চোখে দেখে। তাকে একেবারে সমাজের বাইরে করে দেয়া প্রয়োজন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির ব্যবস্থা নিচ্ছে সরকার। এটা শুধু বাংলাদেশের সমস্যা নয়, সমস্যাটি বিশ্বব্যাপী। উন্নত, সভ্য দেশেও এই সমস্যাটা রয়েছে। এর বিরুদ্ধে আরও জনমত সৃষ্টি করতে হবে।

তিনি আরো বলেন, ধর্মের নামে নারীদের ঘরে আটকে রাখা যাবে না। উদাহরণ হিসেবে তিনি বলেন, প্রথম ইসলাম গ্রহণকারী নারী বিবি খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন।

তিনি প্রশ্ন করে বলেন, প্রথম মুসলিম বিবি খাদিজা যদি ব্যবসা করতে পারেন তাহলে আজকের মেয়েরা কেন ব্যবসা করতে পারবেন না।

সরকারপ্রধান বলেন, সমাজে নারী-পুরুষে বৈষম্য কমে এলেও এখনো রয়েছে। শুধু আইন করলেই বৈষম্য দূর হবে না। সমাজে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করতে হবে। যে সমাজের অর্ধেকই নারী, সেই নারীকে বাদ রেখে কোনো সমাজ গড়ে উঠতে পারে না। সমাজ গড়তে নারী-পুরুষ উভয়কে এগিয়ে আসতে হবে।

কন্যাশিশু যেন বৈষম্যের শিকার না হয় এ ব্যাপারে সচেতন হতে বলেছেন শেখ হাসিনা। তিনি বলেন, সমাজকে গড়ে তুলতে হলে সবাইকে একসাথে কাজ করা দরকার। সমাজ ও দেশকে কল্যাণময় করতে নারী-পুরুষের একসঙ্গে কাজ করা একান্ত প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নারী সফলতার স্বাক্ষর রাখছে। লেখাপড়ায় বাংলাদেশে আজ ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। মেয়েরাই সব পেশায় বেশি মনোযোগী। তবে তাই বলে ছেলেদের পিছিয়ে থাকলে চলবে না। আমরা চাই ছেলেরাও এগিয়ে আসুক।

নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লাইফটাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, যে সম্মাননাই আমি পাই না কেন, সবই আমার দেশের। আমার সম্মাননা আমি আমার দেশের মা-বোনদের এবং পুরো বিশ্বের সব নির্যাতিতা নারীর নামে উৎসর্গ করছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১