বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০১৯

পা হারানো রাসেলকে ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ

গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো রাসেল সরকার ছবি : সংগৃহীত


রাজধানীতে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে গ্রিন লাইনকে এ টাকা পরিশোধ করতে হবে। একই সঙ্গে, গ্রিন লাইন কর্তৃপক্ষকে রাসেলের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় খরচ এবং তার কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করতে বলেছেন আদালত।

গতকাল মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। আদালত এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ৩১ মার্চ তারিখ নির্ধারণ করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা। গ্রিন লাইনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট অজিউল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

আইনজীবী শামসুল হক রেজা বলেন, গত বছর ২৮ এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক প্রাইভেটকারচালক রাসেল সরকারের (২৩) ওপর দিয়েই গাড়ি চালিয়ে দেন। এতে রাসেলের শরীর থেকে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। রাসেল গাইবান্ধার পলাশবাড়ীর শফিকুল ইসলামের ছেলে। ঢাকার আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে সে থাকত। দুর্ঘটনার পর সংরক্ষিত আসনের এমপি উম্মে কুলসুম স্মৃতি হাইকোর্টে ক্ষতিপূরণ চেয়ে একটি রিট আবেদন করেন। গত বছরের ১৪ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের বেঞ্চ  রিটের শুনানি নিয়ে রুল জারি করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১