বাংলাদেশের খবর

আপডেট : ১৩ March ২০১৯

রাবিতে দুই দিনব্যাপি চাকরি মেলা শুরু


রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ৬ষ্ঠ বারের মত দুই দিনব্যাপি ‘আরইউসিসি চাকুরি মেলা’ শুরু হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল স্কুল মাঠে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। এবারের মেলায় ঢাকা ও রাজশাহীর ২০ কোম্পানি অংশ নিচ্ছেন।

মেলার উদ্বোধনের পর থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চাকরি প্রার্থীদের পছন্দনীয় কোম্পানিতে সিভি জমা নেওয়া হবে। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, চাকরি প্রার্থীদের ভাল প্রতিযোগী হওয়ার কৌশল, সাক্ষাৎকার সম্পর্কিত ও দিকনির্দেশনামেূলক সাতটি সেমিনার অনুষ্ঠিত হয়।

এদিকে মেলার দ্বিতীয় দিন জমাকৃত সিভি থেকে নির্বাচিত চাকরি প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেবেন বিভিন্ন কোম্পানির কর্মকর্তারা। এদিন ক্যারিয়ার ক্লাবের সফল আয়োজকদের এবং চাকুরী প্রাপ্তদেরকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।

ক্যারিয়ার ক্লাবের সভাপতি আরিফুজ্জামান লিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. রুকসানা বেগম, মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু, পরিসংখ্যান বিভাগের শিক্ষক মুনিমুল হক প্রমুখ। এসময় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১