বাংলাদেশের খবর

আপডেট : ০৪ April ২০১৯

চালকদের ডোপ টেস্ট করা হবে : ডিএনসিসি মেয়র

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম সংগৃহীত ছবি


সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের ডোপ টেস্ট করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ বৃহস্পতিবার দুপুরে ডিএনসিসি’র কনফারেন্স রুমে সরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। সড়ক দুর্ঘটনায় বিইউপি শিক্ষার্থী আবরারের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এই বৈঠকের আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম বলেন, ‘চালকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ডোপ টেস্ট ছাড়া কোনো চালক রাস্তায় নামতে পারবে না। এই পরীক্ষার মাধ্যমে চালক নিয়োগ দেওয়া হলে তারা আর নেশা জাতীয় অপরাধের সঙ্গে জড়াতে পারবে না।’

তবে এটি বাস্তবায়নের জন্য কিছুদিন সময় চেয়েছেন মেয়র।

মেয়র আতিক বলেন, শিগগিরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রসহ বাস মালিক সমিতির সাথে সভা করে চুক্তিভিত্তিক বাস চালানোর প্রথা বাতিল করা হবে।

তিনি বলেন, ‘আমরা মালিবাগ থেকে কুড়িল বিশ্বরোডকে মডেল সড়ক হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করেছি। প্রতিটি জেব্রাক্রসিংয়ে পুশ বাটন ও ফ্লাশলাইট স্থাপন করা হবে। তাছাড়া সড়কে ফেন্সিং স্থাপন করা হচ্ছে যাতে কেউ যত্রতত্র রাস্তা পার হতে না পারে। বাস থামার জন্য নির্ধারিত স্টপেজ ও যাত্রী ছাউনি স্থাপনের কাজ শুরু হয়েছে। স্টপেজ ছাড়া অন্য কোথাও বাস থামতে পারবে না।’ 

মেয়র আতিক আরও বলেন, ‘বাস ফ্রেঞ্চাইজের কাজ আগামী দুই বছরের আগেই সমাপ্ত হবে।’

বৈঠকে সড়কে শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীরা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো - ফুটওভারব্রিজ না বসিয়ে জেব্রাক্রসিং স্থাপন করা, প্রতিটি জেব্রাক্রসিংয়ে সিসিটিভি স্থাপন করা, ২০২০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইয়ে ট্রাফিক আইন সম্পর্কে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো, ডিজিটাল ট্রাফিক সিগনাল স্থাপন করা, ৬টি বাস কোম্পানির মাধ্যমে বাস ফ্রেঞ্চাইজের দ্রুত বাস্তবায়ন করা, পর্যাপ্ত ড্রাইভিং স্কুল স্থাপন করা, চুক্তিভিত্তিক বাস চালানো বন্ধ করা, লাইসেন্সবিহীন ড্রাইভারকে দিয়ে বাস চালানো বাস মালিকের বিচার করা।

এ সময় মেয়র শিক্ষার্থীদের সকল দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পর্যায়ক্রমে যানবাহন ও ট্রাফিক ব্যবস্থাপনার সাথে যুক্ত সংস্থাগুলোকে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের অনুরোধ জানান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১