বাংলাদেশের খবর

আপডেট : ১৩ April ২০১৯

কুমিল্লায় তুহিন হত্যা মামলার প্রধান আসামি বাবুল গ্রেফতার

তুহিন হত্যা মামলার প্রধান আসামি মাদক ব্যবসায়ী সন্ত্রাসী বাবুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লা নগরীর ভাটপাড়া এলাকার আলোচিত তুহিন নেওয়াজ হত্যা মামলার আসামি বাবুল ওরফে চোরা বাবুলকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার জেলার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে হত্যা, মাদক, ডাকাতি, দ্রুত বিচার ও নারী-শিশু নির্যাতন আইনসহ বিভিন্ন অপরাধের ডজনাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ঘাতক বাবুল ভাটপাড়া এলাকার মৃত বশির উল্লাহ ওরফে বাচ্চু মিয়ার ছেলে।

জানা যায়, ভাটপাড়া এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে তুহিন নেওয়াজ গত ৩১ মার্চ রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বাড়ির সন্নিকটে পৌঁছলে মাদক ব্যবসায়ী বাবুলসহ তার সঙ্গীয়রা তুহিনের উপর সশস্ত্র হামলা চালায় এবং তাকে রড দিয়ে পিটিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি ছুরিকাঘাতে গুরুতর জখম করে। তার চিৎকারে বাড়ির ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় তুহিনের বড় ভাই শাহেনেওয়াজ বাদী হয়ে বাবুল ও তার বড় ভাই মাইনুদ্দিনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে ১ এপ্রিল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ মাইনুদ্দিনকে গ্রেফতার করে। এদিকে তুহিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮ এপ্রিল রাত পৌনে ১২টার দিকে মারা যান। পরে পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবি পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির এসআই নন্দন সাহা জানান, তুহিন নেওয়াজ হত্যা মামলার প্রধান আসামি বাবুলকে শনিবার গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতি, দ্রুত বিচার এবং নারী ও শিশু নির্যাতনসহ নানা অপরাধে জেলার চান্দিনা, দেবিদ্বার ও কোতয়ালী মডেল থানায় মামলা রয়েছে। ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা জানান, নৃশংসভাবে সন্ত্রাসীরা তুহিনকে হত্যা করেছিল, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১