বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০১৯

নরসিংদীর বেলাবতে শিশু ধর্ষণের অভিযোগ


নরসিংদীর বেলাবতে ১০ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার বেলাব উপজেলার আমতুলি গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর নানী বাদী হয়ে অভিযুক্ত মজিবর (৪৫) এর বিরুদ্ধে বেলাব থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের  করেছেন। অভিযুক্ত মজিবর বেলাব উপজেলার হোসেন নগর গ্রামের চেরাগ আলীর ছেলে।

পুলিশ ও নির্যাতনের শিকার শিশুটির স্বজনেরা জানায়, অভিযুক্ত মজিবর আমতুলি গ্রামে তার শ্বশুর বাড়িতে বসবাস করেন। মঙ্গলবার রাতে শসা খাওয়ানোর লোভ দেখিয়ে ওই শিশুকে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে যায়। এ সময় শিশুটির মুখ চেপে ধরে নির্যাতন করে মজিবর।

রক্তক্ষরণ হলেও সঙ্গে সঙ্গে ঘটনাটি প্রকাশ না করে গোপন রাখে স্বজনেরা। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে ঘটনাটি প্রকাশ পায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভুইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযোগ পেয়ে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত মজিবর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১