আপডেট : ৩০ April ২০১৯
সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার অতিরিক্ত ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে মামলার আবেদনটি করেন স্টুডেন্টস জার্নাল বিডির সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান। আদালত রমনা থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে। রমনা থানার ওসিকে অভিযোগের বিষয় তদন্ত করে আগামী ১৬ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীর অভিযোগ, গত ২৪ এপ্রিল বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ই-কমার্সভিত্তিক পর্যটনবিষয়ক সাইট ‘বিন্দু-৩৬৫’ উদ্বোধনকালে সংবাদকর্মীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য মানুষের উপস্থিতিতে শমী কায়সার তার দুটি স্মার্ট ফোন খোয়া গেছে মর্মে অভিযোগ করেন। সেখানে শমী কায়সার সাংবাদিকদের চোর বলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। উপস্থিত সাংবাদিকদের আটকে রাখেন এবং তার দেহরক্ষীরা সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে শমী কায়সার আধা ঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের দেহ তল্লাশি করান। শমী কায়সারের নির্দেশে তার নিরাপত্তাকর্মীরা মিলনায়তনের মূল ফটক বন্ধ করে দেন। কোনো কোনো সাংবাদিক দেহ তল্লাশি শেষে বের হতে চাইলে তাদের বের হতে না দিয়ে তাদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য করেন। মিঞা মো. নুজহাতুল হাসান আরও অভিযোগ করেন, ওই ঘটনার সময় বিভিন্ন মিডিয়ার ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেশের সাংবাদিকদের জন্য অত্যন্ত মানহানিকর এবং অপমানজনক। তার এরকম আচরণ বাদী ও সাংবাদিক সমাজের ১০০ কোটি টাকার মানহানি করেছে। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী। বাদীপক্ষের আইনজীবী মেহেদী হাসান বলেন, বাদী গত ২৭ এপ্রিল থানায় মামলা করতে যান। পুলিশ মামলা না নেয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১