আপডেট : ৩১ May ২০১৯
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জুনের মধ্যেই সাংবাদিক-কর্মচারীদের জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ঘোষণা দেওয়া হবে। এ লক্ষ্যে আগামী ১২ জুন স্টেক হোল্ডারদের সঙ্গে যৌথ সভা করবে সরকার। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এ কথা জানান। সভায় রোয়েদাদ বাস্তবায়নের বিষয়ে আলাপ-আলোচনা করেছি জানিয়ে মন্ত্রী বলেন, বিষয়টি আরো আগেই সমাধানে যেতে পারতাম, ঘোষণা দিতে পারতাম। কিন্তু আমি অসুস্থ হওয়ার কারণে তা পিছিয়ে গেছে। আমাকে সভাপতি করার পরপরই আমি একটা মিটিং করার সুযোগ পেয়েছিলাম, সেদিন নোয়াবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। এর পরপরই আমি অসুস্থ হই। পরে সিঙ্গাপুরে তথ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আমার কথা হয়েছে। আলাপ-আলোচনা করে আমরা একটা বিষয়ে একমত হয়েছি-এই বিষয়টিকে আর ঝুলিয়ে রাখা সমীচীন হবে না। যত দ্রুত সম্ভব, সমাধান করে মোটামুটি গ্রহণযোগ্য একটা ঘোষণা আমরা দেব। নবম সংবাদপত্র মজুরি বোর্ডের বিষয়ে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। ঘোষণার আগে স্টেক হোল্ডারদের সঙ্গে যৌথ একটা সভা করব। সভাটি আগামী ১২ জুন বেলা ১১টায় তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হবে। ওইদিন সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে সিদ্ধান্তে নেওয়া হবে এবং জুন মাসের মধ্যে রোয়েদাদ বাস্তবায়ন-সম্পর্কিত ঘোষণা দেওয়া হবে। চলতি বছরের ২১ জানুয়ারি মন্ত্রিসভায় ওবায়দুল কাদেরকে আহ্বায়ক করে নবম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়। ওই সময় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, নবম ওয়েজ বোর্ডে সাংবাদিক-কর্মচারীদের পাঁচটি শ্রেণিতে ১৫টি গ্রেড রয়েছে। প্রথম তিনটি গ্রেডে মূল বেতনের ৮০ শতাংশ এবং নিচের তিন গ্রেডে ৮৫ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এছাড়া ৬০-৭০ শতাংশ বাড়ি ভাড়া বাড়ানোর সুপারিশ করা হয়। আর মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা যুক্ত করতে বলা হয়েছে। গত বছরের ৪ নভেম্বর নবম ওয়েজ বোর্ডের রোয়েদাদের সুপারিশ তথ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করেন বিচারপতি মো. নিজামুল হক। এই সুপারিশ মন্ত্রিসভায় উত্থাপিত হয়। ওয়েজ বোর্ড সাংবাদিক-কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করে থাকে। সর্বশেষ ২০১২ সালে সাংবাদিকদের জন্য অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হয়েছিল। পরের বছর এই বোর্ড নতুন বেতন কাঠামো চূড়ান্ত করেছিল। ২০১৫ সালে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো ঘোষণার পর নিজেদের নতুন বেতন কাঠামোর জন্য আন্দোলন করে আসছেন সাংবাদিকরা। সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের জানুয়ারিতে নবম ওয়েজ বোর্ড গঠন করে তথ্য মন্ত্রণালয়। সভায় আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১