বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০১৯

পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে: এলজিআরডি মন্ত্রী


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীরণের মাধ্যমে ভূমির উপর চাপ কমাতে হবে। পরিবেশবান্ধব ও মান সম্মত উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে।

আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে ‘আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ প্রকল্পের পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধান করতে প্রায় ৮২৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার। সম্পূর্ণ সরকারী অর্থায়নে তিন বছরে এ প্রকল্প বাস্তবায়িত হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদসহ মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ৬৮ হাজার ২০০ বর্গমিটার জমিতে দৈনিক পাঁচশ টন ধারণ ক্ষমতাসম্পন্ন তিনটি প্লান্ট বরাদ্দ রাখা হয়েছে। যার মাধ্যমে বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এছাড়া ১৩ হাজার ৬০০ বর্গমিটার জমিতে মেডিকেল বর্জ্য ও ১৬ হাজার বর্গমিটার জমিতে বর্জ্য রিসাইকেল ফ্যাসিলিটিজ স্থাপনের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, শুধু ইনসিনারেশন চালু হলে এক বছরের ধারণক্ষমতা সম্পন্ন  ল্যান্ডফিলের লাইফ ৩ গুণ বৃদ্ধি করা যাবে। বিদ্যমান আমিনবাজার ল্যান্ডফিলের যে ধারণ ক্ষমতা সেখানে আরো দুই বছর পর্যন্ত বর্জ্য ফেলা সম্ভব। এ কারণে নতুন ল্যান্ডফিল নির্মাণ, ইনসিনারেশন প্লান্ট বসানো, রিসোর্স রিকভারির জন্য অবকাঠামোর সুযোগ স্থাপন, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও কম্পোস্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে ‘আমিনবাজার ল্যান্ডফিল সম্প্রসারণ ও আধুনিকীকরণ’ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১