আপডেট : ৩০ June ২০১৯
কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহনপুরে নৈশকোচে পেট্টোল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় হুকুমের আসামী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চার্জ গঠন শুনানি আবারও পিছিয়েছেন আদালত। আজ রোববার চার্জ গঠন শুনানির নির্ধারিত তারিখ থাকলেও আদালত আগামী ২১ আগষ্ট ধার্য্য করেছেন। কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর এ আদেশ দেন। এই মামলায় বেগম খালেদা জিয়া জামিনে আছেন। অন্য মামলায় তিনি জেলা হাজতে থাকায় তার আইনজীবী সময় প্রার্থনা করলে আদালত সময় মঞ্জুর করেন। এ মামলার এক নম্বর আসামী জামাত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অপর আসামী বিএনপি উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জামিনে থেকে মামলায় হাজিরা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী কাইয়মূল হক রিংকু। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১