বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০১৯

কিশোর শাহীনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত ব্যাটারিচালিত ভ্যানচালক কিশোর শাহীনের দায়িত্ব নিয়েছেন। গত শনিবার রাত আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ কথা জানিয়েছেন আশরাফুল আলম খোকন।

ফেসবুকে আফরাফুল আলম খোকন লিখেছেন, সমালোচনা করে, উহ-আহ দুঃখ প্রকাশ করে আপনারা তখন হয়তো ঘুমিয়ে আছেন। টিভিতে সংবাদ দেখেছেন, টকশো দেখেছেন কিংবা হিন্দি সিরিয়াল দেখে ক্লান্ত। আপনি হয়তো ভালো মন্দ খেয়ে শান্তির ঘুম দিয়েছেন। সারা দিনের খাটাখাটুনি শেষে শাহীনের মাও হাসপাতালের বারান্দায় গা এলিয়ে দিয়েছে। রাত আড়াইটায় যখন ঢাকা মেডিকেল কলেজে গেলাম তখন জেগে আছে অগোছালো জামা-কাপড় পরা কিছু তরুণ। এরা সবাই ছাত্রলীগের সাবেক নেতাকর্মী। ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী, দেবাশীষ আইচ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের জিএস মেহেদী হাসান শান্তসহ ২০ জন।

ছাত্রলীগকে যারা কথায় কথায় গালিগালাজ করে জাতে ওঠার চেষ্টা করেন তারা একটু জেনে রাখেন, এই শাহীনকে যশোর থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ঢাকায় নিয়ে এসেছেন ছাত্রলীগের কর্মীরাই। কোনো জাতি উদ্ধারকারী সমালোচক এগিয়ে আসেনি। শাহীন কিন্তু ছাত্রলীগের কারো আত্মীয়ও নয়। ঢাকা মেডিকেলে আনার পর শাহীনের জন্য এ বি পজিটিভ রক্ত জোগাড় করেছেন এই জয়দেব নন্দীরাই।

রাত সোয়া ১২টার দিকে জয়দেব নন্দী আমাকে ফোন করে জানায়, তার অপারেশন করতে হবে এবং এরপর আইসিউ লাগবে। সঙ্গে সঙ্গে আমি, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার এস এম খুরশিদ আলম ও সুভাস সিংহ রায় মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অপারেশন ও আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী, তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও তাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছিলেন।

অপারেশন শেষে রাত ৩টা থেকে শাহীনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডাক্তার বলেছেন, ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাবে না। অপারেশন চলার সময় যখন শাহীনের মা ও চাচার সঙ্গে কথা বলি, ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তারা শুধু একটি কথাই বলেছেন, আমরা আর নিজেদের অসহায় মনে করছি না। আমার ছেলের জন্য দোয়া করবেন। আর্থিক সহযোগিতাসহ সব রকমের সাপোর্টই দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সাতক্ষীরার পাটকেলঘাটায় ছিনতাইকারীরা রিকশাচালক শাহীনের রিকশা ছিনতাই করার সময় তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে গত শনিবার রাত ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১