বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০১৯

দীপন হত্যা

জিয়া ও আকরামকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ


জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় পলাতক দুই আসামি সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান। গতকাল রোববার ওই আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ আগস্ট দিন রেখেছেন বিচারক।

২০১৬ সালের ৩১ নভেম্বর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজ অফিসে জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই দিন বিকেলে তার স্ত্রী রাজিয়া রহমান শাহবাগ থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান গত ১৫ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে আটজনকে অভিযুক্ত ও ১১ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়।

অভিযুক্তরা হলেন- বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক (৫০) (সাংগঠনিক নাম সাগর ওরফে ইশতিয়াক ওরফে বড় ভাই), মইনুল হাসান শামীম (২৪), মো. আ. সবুর (২৩), খাইরুল ইসলাম (২৪), মো. আবু সিদ্দিক সোহেল (৩৪), মো. মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন (২৫), মো. শেখ আবদুল্লাহ (২৭) এবং আকরাম হোসেন ওরফে হাসিব (২৮) (সাংগঠনিক নাম আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ)। অভিযুক্তদের মধ্যে ছয়জনকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। তারা প্রত্যেকেই আদালতে কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, দীপনকে হত্যার নির্দেশদাতা, মূল পরিকল্পনা ও নেতৃত্বে ছিলেন পলাতক সৈয়দ জিয়াউল হক। আসামি খাইরুল, আবদুস সবুর ও মইনুলকে তিনি হত্যাকাণ্ডের আগে প্রশিক্ষণ দেন।

সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান গত ১৯ মার্চ অভিযোগপত্র আমলে নিয়ে ১১ জনকে অব্যাহতি দেন। পলাতক দুই আসামি জিয়াউল হক ও আকরাম হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১