বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৯

এবার কলাগাছ দিয়ে কালভার্ট নির্মাণ


এবার রডের পরিবর্তে কালভার্ট নির্মাণে বাঁশ ও কলাগাছ ব্যবহার করা হয়েছে। ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের শর্শদী গ্রামে একটি সড়কে ইউনিয়ন পরিষদের অর্থায়নে এ কালভার্টটি নির্মাণ করা হয়েছে। ওই কালভার্টটি নির্মাণের ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে। কালভার্টটি একনজর দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ এসে ভিড় করছে।

কালভার্টটিতে নামেমাত্র রড দিয়ে তার পাশাপাশি ‘উন্নত জাতের’ বাঁঁশ ও কলাগাছ দেওয়া হয়েছে। এছাড়া ব্যবহার হয়েছে নিম্নমানের ইট-সুরকি ও খোয়া। এলাকাবাসীর অভিযোগ, বড় কোনো যানবাহন এ কালভার্টটিতে উঠলে সেটি নিশ্চিত ধসে পড়বে। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কিছুদিন আর্গে শর্শদী ইউনিয়নের উত্তরখানে বাড়ির কাছেই মূল রাস্তায় একটি ছোট কালভার্ট ভেঙে যাওয়ার পর ইউনিয়নের লোকজনের যাতায়াতের সুবিধার জন্য ইউপির অর্থায়নে ১২ লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়েছে বলে এলাকাবাসী জানান।

তবে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, কালভার্টের কাজটি ইউনিয়ন পরিষদের নয়, ব্যক্তি উদ্যোগে নির্মাণ করা হয়েছে। কিন্তু স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মোর্শেদ জানান, চেয়ারম্যান নিজেই ইউপি তহবিল থেকে কালভার্টের নির্মাণকাজ করেছেন।

এ ব্যাপারে ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, তিনি এ ঘটনাটি জেলা প্রশাসককে অবগত করেছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কালভার্ট নির্মাণের নামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দিলে তা কোনোভাবেই পাস করা বা গ্রহণ করা হবে না।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের তহবিল থেকে যদি কালভার্ট নির্মাণে এই টাকা ব্যয় করা হয়, তাহলে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের নামে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হবে, তা থেকে ওই টাকা কেটে নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১