বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০১৯

উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা সহজতর করুন: এলজিআরডি মন্ত্রী


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা সহজতর করার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, যথাযথ উদ্যোগ নিলে ও সৎ উদ্দেশ্য থাকলে সরকারি সেবা কার্যক্রম অবশ্যই সহজতর ও জনবান্ধব হবে।

আজ মঙ্গলবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দপ্তর/সংস্থার উদ্ভাবনী উদ্যোগ সমূহের ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মন্ত্রী এসব কথা বলেন।

জন প্রশাসনে উদ্ভাবন সংস্কৃতি বিকাশের মাধ্যমে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যপদ্ধতি সহজীকরণে উদ্ভাবন কার্যক্রমকে এগিয়ে নেয়ার লক্ষ্যে  স্থানীয় সরকার বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।

সরকারি দপ্তরসমূহ উদ্ভাবন কার্যক্রমকে সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিকীকরণ এবং এ লক্ষ্যে দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক অর্থ-বছরে উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রণয়ন করে। ইনোভেশন টিমের মাধ্যমে এ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হয়ে থাকে। এ শোকেসিং অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর/সংস্থা পরস্পরের উদ্ভাবনী ও উত্তম চর্চা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করতে পারে যা উদ্ভাবন চর্চার বিকাশে এবং রেপ্লিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শোকেসিং কর্মশালায় পৃথক পৃথক স্টলে স্থানীয় সরকার বিভাগ, ১২টি সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ৪টি ওয়াসা, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় এবং ৩টি পৌরসভার বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উদ্ভাবনী উদ্যোগসমূহ এবং ভবিষ্যৎ উদ্ভাবন কর্মপরিকল্পনা প্রদর্শন করা হয়।

মন্ত্রী শোকেসিং এ অংশগ্রহণকারী স্টল সমূহ পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তর/সংস্থার উদ্ভাবনী উদ্যোগসমূহ সম্পর্কে অবহিত হন। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা ওয়াসা যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান লাভ করে। মন্ত্রী বিজয়ী প্রতিষ্ঠানসমূহের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১