বাংলাদেশের খবর

আপডেট : ০৩ July ২০১৯

কাটাছেঁড়া ছাড়াই কিশোরীর শ্বাসনালি থেকে উদ্ধার হল হিজাব পিন  


দাঁত দিয়ে পিন কামড়ে রেখে হিজাব পরছিল সিলেটের সুমনা (১১)। এ সময় অসাবধানতায় পিনটি তার শ্বাসনালির ভেতরে চলে যায়। তবে কোনোরকম কাটাছেঁড়া ছাড়াই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা শ্বাসনালি থেকে বের করে আনেন পিনটি। খবর ইউএনবির।

ব্রঙ্কোসকপি দিয়ে প্রায় ২৫ মিনিটের চেষ্টায় পিনটি বের করে আনা হয়।

সুমনা সিলেটের জকিগঞ্জ উপজেলার খাদিমান গ্রামের আব্দুর রবের মেয়ে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. নন্দ কিশোর সিনহার তত্ত্বাবধানে নাক-কান-গলা ও হেড নেক ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. নূরুল হুদা নাঈম মঙ্গলবার পিনটি বের করেন। এতে তাকে সহযোগিতা করেন নাক-কান-গলা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল হাফিজ শাফী, ডা. হাসনাত আনোয়ার, ডা. মনজুরুল হাসান, ডা. তারেক ও ডা. আয়েশা সিদ্দিকা।

হাসপাতাল সূত্র জানায়, মুখ থেকে শ্বাসনালির ভেতরে হিজাব পিন চলে যাওয়ায় গত ২৫ জুন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয় সুমনাকে। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত হন তার শ্বাসনালির ভেতরে পিন জাতীয় কিছু আটকে আছে। এরপর চিকিৎসকরা তার অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন। তবে শেষ পর্যন্ত কাটাছেঁড়া ছাড়াই চিকিৎসকদের দক্ষতায় ব্রঙ্কোসকপি দিয়ে পিনটি বের করে আনা সম্ভব হয়।

সার্জন ডা. নূরুল হুদা নাঈম বলেন, ‘সুমনার শ্বাসনালিতে হিজাব পিন আটকে গিয়েছিলো। এটি বের করে আনা হয়েছে। বর্তমানে সে পুরোপুরি সুস্থ রয়েছে।

সুমনার বাবা আব্দুর রব বলেন, ‘মেয়েটিকে নিয়ে আমি খুবই চিন্তিত ছিলাম। কিন্তু হাসপাতালের চিকিৎসকরা আমাকে সেই চিন্তা থেকে উদ্ধার করেছেন। এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১