বাংলাদেশের খবর

আপডেট : ১৮ July ২০১৯

শিক্ষিকাকে শ্লীলতাহানির দায়ে অধ্যক্ষের ১০ বছর কারাদন্ড


কুষ্টিয়ায় কলেজ শিক্ষিকার শ্লীলতাহানি মামলায় একই কলেজের অধ্যক্ষের ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মশিয়ার রহমান আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দন্ড প্রাপ্ত আসামি, কুষ্টিয়া শহরের মিলপাড়ার বাসিন্দা চৌধুরী আব্দুল আলীর ছেলে এবং সৈয়দ মাছুদ রুমী কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন সেলিম ওরফে সজল চৌধুরী (৫০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ মার্চ দুপুরে সৈয়দ মাছুদ রুমী কলেজের মহিলা কমন রুমের ওয়াসরুম সেরে বের হওয়ার সময় আসামি কলেজের অধ্যক্ষ চৌধুরী নুরুদ্দিন সেলিম ওরফে সজল চৌধুরী জোর পূর্বক এই শিক্ষিকার শ্লীলতাহানি ঘটান। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা নিজেই বাদি হয়ে এপ্রিল মাসের ৭ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের দন্ডবিধি ১০ ধারায় অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ আগষ্ট আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ কৌঁসুলী আকরাম হোসেন দুলাল জানান, কুষ্টিয়া মডেল থানার শিক্ষিকার শ্লীলতাহানির দায়ে একই কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে করা সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছর কারাদন্ডসহ ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১