বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০১৯

ঢাকা-চট্টগ্রামের নদী দূষণরোধে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হয়েছে: এলজিআরডি মন্ত্রী

আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম সংগৃহীত ছবি


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ ও দখলরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য প্রণীত দুইটি মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী মাস্টারপ্ল্যান দুইটি এরই মধ্যে অনুমোদন করেছেন। কালক্ষেপন না করে বাস্তবায়নের পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলো এ মাস্টারপ্ল্যান অনুযায়ী কাজ শুরু করেছে।

আজ রোববার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, পানি সম্পদ সচিব কবীর বিন আনোয়ার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ ও দখলরোধ এবং নাব্যতা বৃদ্ধির বিষয়ে প্রণীত মাস্টারপ্ল্যানে ২৪টি মূল কার্যক্রম এবং এর আওতায় ১৮০টি সহযোগী কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। ২য় মাস্টারপ্ল্যানটিতে চট্টগ্রামের কর্ণফুলী এবং হালদা নদীর জন্য ৪৫টি মূল কার্যক্রম এবং এর আওতায় ১৬৭টি সহযোগী কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। দুইটি মাস্টারপ্লানই ক্রাশ প্রোগ্রাম, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর  সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর সভার সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টারপ্ল্যান তৈরির লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে আহবায়ক করে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালককে (প্রশাসন) সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারী প্রতিষ্ঠানগুলো এডিস মশার বিস্তার তথা ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্বক কার্যক্রম গ্রহণ করেছে। এজন্য নাগরিকদের সচেতনতা বৃদ্ধি জরুরি বলেও মন্ত্রী মন্তব্য করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১