বাংলাদেশের খবর

আপডেট : ২১ July ২০১৯

চকরিয়ায় অপহরণের ৭ দিন পর স্কুলছাত্র উদ্ধার


কক্সবাজারের চকরিয়ার অপহরণের ৭ দিন পর শহীদুল ইসলাম (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর দুইটার দিকে কক্সবাজার ডলফিন মোড় এলাকা থেকে কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় চকরিয়া থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে।

শহীদুল ইসলাম হারবাং শান্তিনগর এলাকার মৃত মো. কালুর ছেলে ও স্থানীয় আজিজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

উদ্ধার হওয়ায় ছাত্রের মা রাবেয়া বেগম জানান, গত ১৪ জুলাই হারবাং শান্তিনগর গ্রামের বাড়ি থেকে ফুসলিয়ে আমার ছেলে শহিদুল ইসলামকে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় একটি ডায়েরি করা হয়। এ ডায়েরীর সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অপহরণের পর একটি মোবাইল থেকে বিকাশে আমার কাছ থেকে ৬০হাজার টাকা দাবী করেন। এ দাবীর টাকা পরিশোধ করতে না পারলেও সর্বশেষ আড়াই হাজার টাকা দিতে রাজী হই। এ টাকা একটি বিকাশ নাম্বারে দেওয়া হয়। ওই বিকাশে নাম্বারের সূত্র ধরে কেরানীহাট এলাকার একজন নারী আটক করে পুলিশ। ওই নারীর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ কক্সবাজার শহরের ডলফিন মোড় এলাকা থেকে শহিদুলকে উদ্ধার করে।

চকরিয়া থানার এসআই মাজহারুল ইসলাম বলেন, বিকাশ নাম্বারের সূত্র ধরে প্রথমে এক নারীকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী স্কুল ছাত্র শহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। অপহরণকারী চক্রের সদস্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। অপহৃত ছাত্রের মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১