বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০১৯

উদ্ধার অভিযান অব্যাহত

দুই দিনেও মেলেনি পদ্মায় ভেসে যাওয়া দম্পতির সন্ধান 

দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে স্রোতের তোরে বেসে যাওয়া নব দম্পতি ইমন ও আঞ্জুম ছবি : বাংলাদেশের খবর


গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ভেসে যাওয়া দম্পতি ইমন ও আঞ্জুমের সন্ধান দুইদিনেও মেলেনি।

গতকাল রোববার দুপুর ২ টার দিকে দৌলতদিয়ার ৩নং ফেরিঘাট এলাকায় গোসল করতে নেমে তারা প্রচণ্ড স্রোত ও ঘুর্ণিপাকে পড়ে নিখোঁজ হয়ে যান। তাদের উদ্ধারে গোয়ালন্দ ফায়ার সার্ভিস, দৌলতদিয়া নৌপুলিশ, ডুবুরি ও স্বজনরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে তরতাজা দুটি প্রাণের এভাবে পদ্মায় বিলীন হয়ে যাওয়া এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রায় এক বছর আগে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছিল ইমন (২২) ও আঞ্জুম (১৮)। ইমনের পরিবার এ বিয়ে মেনে না নিলেও দুজনের সংসার জীবনে সুখের তেমন ঘাটতি ছিল না। কিন্তু সে সুখ বেশী দিন টিকলো না। আঞ্জুমের চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে এসে তারা গোসল করতে যায় পদ্মা নদীতে। পদ্মার তীব্র স্রোতের টানে ভেসে যায় তারা। বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, ঘটনার পর থেকে নিখোঁজ দম্পতির সন্ধানে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও ডুবুরী এবং স্থানীয়দের সহায়তায় আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। এ অবস্থার মধ্যেও আমরা ট্রলার ও স্পীডবোড নিয়ে ভাটিতে ফরিদপুর ও মানিকগঞ্জের শেষ সীমানা পর্যন্ত তল্লাশী চালিয়েছি। 

নিখোঁজ দম্পতির স্বজনরা জানান, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইজারা পাড়া গ্রামের আজিম শেখের মেয়ে আঞ্জুম ও মাদারীপুর জেলার কালকিনি উপজেলার তৌফিকচর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ইমন। প্রায় ১ বছর আগে ভালবেসে বিয়ে করে তারা ঢাকায় বসবাস করতো। গত শুক্রবার আঞ্জুমের চাচাত বোন দৌলতদিয়া ৩নং ফেরিঘাট এলাকার আবু সাইদের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা এ এলাকায় এসেছিল। রোববার দুপুর ২টার দিকে বিয়ে বাড়ি থেকে তারা ১০/১২ জন মিলে পদ্মা নদীতে গোসল করতে যান। এসময় একটি ফেরি তাদের পাশদিয়ে চলে গেলে যে ঢেউয়ের সৃষ্টি হয় এতে প্রথমে আঞ্জুম কিছুটা নদীর ভেতরে চলে যায়। আঞ্জুম যখন নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল তাকে উদ্ধার করতে ইমন এগিয়ে যায়। এরপর তারা দুজনই মুহুর্তের মধ্যে নদীর তীব্র স্রোত ও প্রচণ্ড ঘুর্ণিপাকে পরে তলিয়ে যায়।

এদিকে বিয়ের অনুষ্ঠানে এসে নব দম্পতি পদ্মায় ভেসে যাওয়ার ঘটনায় বিয়ে বাড়ির আনন্দ এক নিমিষেই আহাজারিতে পরিনত হয়েছে। স্বজনদের চোখের পানিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১