আপডেট : ২৫ July ২০১৯
বাংলাদেশের দুটি কর্মসূচিতে ১৪ কোটি ২০ লাখ ইউরো অনুদান দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এর মধ্যে ১ কোটি ইউরো ব্যয় হবে সরকারি আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং ১৩ কোটি ২০ লাখ ইউরো ব্যয় হবে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে। এ উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সেজ তেরিংক। মনোয়ার আহমেদ বলেন, বাংলাদেশ সরকার সবসময় সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও জাতীয় সামাজিক নিরাপত্তা খাতে ইউরোপিয়ান ইউনিয়নের দীর্ঘমেয়াদি সমর্থনকে স্বীকার করে। আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরো শক্তিশালী করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে বদ্ধপরিকর। রেন্সেজ তেরিংক বলেন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সামাজিক সুরক্ষা খাত বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতার মৌলিক ক্ষেত্রগুলোকে প্রতিনিধিত্ব করে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে এ খাতগুলো অগ্রাধিকার হিসেবে বিবেচিত। ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা এক্ষেত্রে সিস্টেম শক্তিশালীকরণ ও নীতি উন্নয়নের মূল উপাদানগুলোকে মোকাবেলা করবে। চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, গত কয়েক দশকে বাংলাদেশ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাংলাদেশকে আরো অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং নতুন সামর্থ্য অর্জন করতে হবে। মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার বিষয়টিও এ প্রতিবন্ধকতাগুলো মোকাবেলার ওপর নির্ভর অনেকাংশে নির্ভরশীল।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১