বাংলাদেশের খবর

আপডেট : ২৫ July ২০১৯

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দাবি স্থানীয় সরকার মন্ত্রীর


ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার ঢাকায় ‘মশক নিধন ও পরিচ্ছনতা সপ্তাহ’ উদ্বোধনের পর তিনি এ দাবি করেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা এটিকে (ডেঙ্গু) চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, কারণ সব প্রতিষ্ঠান একযোগে কাজ করছে।

মশা মারার ওষুধের কার্যকারিতা সম্পর্কে মন্ত্রী দাবি করেন, আমরা পরীক্ষা করে এটি নিশ্চিত করেছি যে মশা নির্মূল করতে ব্যবহৃত ওষুধ কার্যকর। এখানে কোনো সমস্যা নাই।

গত ২০ জুলাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,  বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক তবে নিয়ন্ত্রণের বাইরে নয়।

র আগে চলতি মাসে শুরুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেন, ‘মশা নিধনে আমরা যেসব ওষুধ ব্যবহার করছি, তা প্রতিশ্রুতির চেয়ে কম কার্যকর… এবারে তুলনামূলকভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাবটা বেশি।’

তাজুলের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত মেয়র খোকন বলেন, ‘ডেঙ্গু জ্বরে তিন লাখ রোগী আক্রান্তের তথ্য সম্পূর্ণভাবে কাল্পনিক, বিভ্রান্তিমূলক। আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণ করে এর সমুচিত জবাব দেব।’

গত ২১ জুলাই ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য রাজধানীতে প্রচারণা শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সিটি করপোরেশনের আওতায় ৫৭টি ওয়ার্ডে প্রতিদিন ৩০টি বাড়িতে মশা নিধন কর্মসূচি চলবে বলে জানান মেয়র।

উল্লেখ্য, এবছর মশাবাহিত ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করেছে। সরকারি তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ৮ হাজার ৫৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আটজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তারের তথ্য অনুযায়ী, বুধবার সারাদেশে ৫৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরেই ৫৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১