বাংলাদেশের খবর

আপডেট : ০১ August ২০১৯

ডেঙ্গু নিয়ন্ত্রণে ভারত থেকে বিশেষজ্ঞ আসছে রোববার

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সংগৃহীত ছবি


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী রোববার ভারত থেকে বিশেষজ্ঞ আনা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ডেঙ্গু নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এমন তথ্য জানান।

মেয়র বলেন, ‘কলকাতায় ডেঙ্গু নিয়ে যিনি কাজ করেছেন তার নাম অনীক ঘোষ। আমি ওনাকে ফোন করেছিলাম। উনি বলেছিলেন- তাড়াতাড়ি আমাকে ইনভাইটেশন পাঠান। আমি ইনভাইটেশন পাঠিয়ে দিয়েছি।’

তিনি বলেন, ‘আগামী রোববার অনীক ঘোষ বাংলাদেশে আসবেন বলে কথা দিয়েছেন। আমি তাকে বলেছি- তোমাদের যা যা অভিজ্ঞতা আছে, তা আমাদের সঙ্গে শেয়ার কর।’

মেয়র বলেন, ‘আমার সততার কমতি নেই। কিন্তু, অভিজ্ঞতার কমতি আছে। ডেঙ্গু রোগের জন্য অবশ্যই আমি মনে করি, ৩৬৫ দিনই গবেষণা করতে হবে। এটা সিজনাল না। এটা যে কোনো সময় আসতে পারে। তাই এটি নিয়ে জাতীয়ভাবে একটি গবেষণা কেন্দ্র তৈরি করা দরকার।’

মশার ওষুধ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিটি করপোরেশনে যে চালানটি এসেছিল পরীক্ষার পরে আমরা দেখেছি, সেগুলো কার্যকর নয়। এরপর ওষুধের ওই কোম্পানিকে আমরা কালো তালিকাভুক্ত করেছি। ওই চালানটিও বাতিল করা হয়েছে।’

আতিকুল বলেন, ‘গত সোমবার সরকারের একটি উচ্চপর্যায়ের মিটিং হয়। মিটিংয়ে দেখা যায়, ওষুধ আমদানির ক্ষেত্রে কিছু কিছু জটিলতা ছিল। যেমন সারা বিশ্বে অনেক উন্নত ওষুধ আবিষ্কার হয়েছে। কিন্তু, ২০১৫ সাল থেকে সেগুলো আমদানি বন্ধ ছিল। তবে যত ধরনের সমস্যা ছিল, সেগুলো মিটিংয়ে সমাধান হয়ে গেছে। এখন রেজিস্ট্রেশন করা যে কেউ সে ওষুধ আনতে পারবে।’

প্রত্যেকটি রোগীকে মশারির ভেতরে রাখতে হবে উল্লেখ করে মেয়র বলেন, ‘ইতোমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে ১৪ হাজার মশারি আমি বিভিন্ন হাসপাতালে দিয়েছি। আমাদের কাছে এখনো ১৬ হাজার মশারি রয়েছে। সেগুলোও বিতরণ করা হবে।’

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১