বাংলাদেশের খবর

আপডেট : ২৪ August ২০১৯

সেতুর রেলিং ভেঙ্গে খাদে বাস, নিহত ৬


ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেলগেট এলাকায় সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের কারও নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী।

আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের পাটগাছির দিকে যাচ্ছিল। পথে ধুলদি সেতুর ডান পাশের রেলিং ভেঙে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ধাক্কায় একটি মোটরসাইকেলও খাদে পড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল এবং করিমপুর হাইওয়ে পুলিশ ও ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ উদ্ধারকাজে অংশ নেয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম নাসিম বলেন, ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা সবাই বাসের ভেতরে আটকা পড়ে ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১