বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০১৯

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন দুই বাংলার নন্দিত কণ্ঠশিল্পী নচিকেতা। সুজন হাজংয়ের লেখা গানটির সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য উঠুক পৃথিবীজুড়ে/এমন কথার গানটি গতকাল শনিবার কলকাতার লেক টাউন ফিউশন প্রো স্টুডিওতে রেকর্ডিং হয়। সেখানে বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নচিকেতা।

তিনি বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে আমি গর্বিত। যার ডাকে বাঙালি জাতি একাত্তরে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। বঙ্গবন্ধুর মতো এত বড় মহান নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সুজন হাজংয়ের গানের কথা খুব চমৎকার। যাদু রিছিলের সুর এবং মুশফিক লিটুর সংগীতায়োজন ছিল সুন্দর। আশা করি, এই গানটি বাংলা ভাষার প্রতিটি মানুষ শুনবে।

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। বঙ্গবন্ধুর ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। আমি বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরো বেশি আগ্রহী হয়।

সুজন হাজং জানান, গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সংযোজন করা হবে। এ অ্যালবামে আরো কণ্ঠ দিচ্ছেন- ফাহমিদা নবী, শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) এবং শালাবি (মালদ্বীপ)। পুরো অ্যালবামের গান লিখেছেন কবি সুজন হাজং। মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামটি প্রকাশ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১