বাংলাদেশের খবর

আপডেট : ০৪ September ২০১৯

ড. মোমেনকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন


জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পাকিস্থানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ফোনালাপের এ তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত কিছু বলেননি। খবর ইউএনবির।

এর আগে এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে বাংলাদেশ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ মনে করে যে ভারত সরকার কর্তৃক (সংবিধানের) ৩৭০ ধারা বিলোপ ভারতের অভ্যন্তরীণ বিষয়।’

সেখানে আরও বলা হয়, ‘বাংলাদেশ সর্বদা নীতিগত বিষয় হিসেবে সমর্থন জানিয়েছে যে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি উন্নয়নের বিষয়টিও সব দেশের অগ্রাধিকার হওয়া উচিত।’

প্রসঙ্গত, গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে ভারত। এর মাধ্যমে রাজ্যটিকে দ্বিখণ্ডিত করে ‘জম্মু ও কাশ্মীর’ এবং ‘লাদাখ’ নামে বিভক্ত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল পরিণত করে নরেন্দ্র মোদি সরকার।

বিশেষ মর্যাদা বাতিলের আগে সম্পদের মালিকানা ও মৌলিক অধিকারের বিষয়ে নিজেরাই নীতি প্রণয়ন করতে পারতো কাশ্মীরিরা। এমনকি রাজ্যের বাইরের কারও সেখানে জমি কেনাও নিষিদ্ধ ছিলো। পাশাপাশি, নিজেদের সংবিধান, আলাদা পতাকা ও আইন প্রণয়নের স্বাধীনতা ছিলোও তাদের। শুধু পররাষ্ট্র, প্রতিরক্ষা ও যোগাযোগ ছিলো কেন্দ্রীয় সরকারের হাতে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১