আপডেট : ২৬ September ২০১৯
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সন্ত্রাসীদের আনাগোনা বন্ধে এ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দফতরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যাওয়ার আগে নির্দেশনা দিয়ে গেছেন যে, দ্রুত রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দিতে। তিনি বলেন, সম্প্রতি দেখা গেছে, মাদকদ্রব্য পাচার ও খুনের সঙ্গে জড়িত হয়ে পড়ছে রোহিঙ্গারা। ক্যাম্পগুলোতে প্রায়ই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। এমনকি সেখানে তারা এক আওয়ামী লীগের এক নেতাকেও হত্যা করেছে। এজন্য তাদের নজরদারিতে রাখা বিশেষ জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাঁটাতারের বেড়াসহ বিভিন্ন পয়েন্টে ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, নিরাপত্তার নিশ্চিত করতে রোহিঙ্গা ক্যাম্পের চারদিকে কাঁটাতারের বেড়া নির্মাণের আবেদন করেছিল সশস্ত্র বাহিনী। এ বিষয়ে জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির একটি বৈঠকও অনুষ্ঠিত হয়। গত ৪ সেপ্টেম্বর সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে রোহিঙ্গা এলাকার নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১