আপডেট : ২৭ September ২০১৯
দেশের নদনদী রক্ষায় ‘শতবর্ষী ডেল্টা প্ল্যান’ বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে চিহ্নিত ৫০টি প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হচ্ছে। প্রকল্পের আওতায় পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলীসহ দেশের প্রধান নদীগুলোর ক্যাপিটাল ড্রেজিংসহ বেসিনভিত্তিক ব্যবস্থাপনা, খনন ও উন্নয়ন এবং ভূমি পুনরুদ্ধার কাজ করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও এতে সায় দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে দীর্ঘমেয়াদি, একক এবং সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা অর্থাৎ ডেল্টা প্ল্যান অনুযায়ী দেশের সকল নদী খননের সুপারিশ করা হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে পরিবেশগত সমস্যা সমাধানের জন্য এই পরিকল্পনার লক্ষ্য ২১০০ সাল। পানি সম্পর্কিত সকল খাতকে একটি পরিকল্পনায় নিয়ে আসার মাধ্যমে এ সুপারিশ বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন গণমাধ্যমকে এসব তথ্য জানান। তিনি জানান, বৈঠকে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা, অতি ঝুঁকিপূর্ণ নদীভাঙন চিহ্নিত এলাকায় পরবর্তী বছর বন্যা মোকাবেলার জন্য আগাম প্রস্তুতি গ্রহণ এবং ডেল্টা প্ল্যান অনুযায়ী সকল নদী খননের মাধ্যমে নদীর প্রবাহ ধরে রাখার সুপারিশ করা হয়। জানা যায়, বৈঠকে ফরিদপুর জেলার আড়িয়াল খাঁ নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প, যশোর জেলার মনিরামপুর ও কেশবপুর উপজেলাধীন নদীসমূহ ও পার্শ্ববর্তী খালগুলোর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প এবং দিনাজপুর জেলার খানসামা উপজেলার বিভিন্ন স্থানে আত্রাই নদীর অব্যাহত ভাঙন প্রতিরোধ ও নদীর তীর সংরক্ষণ প্রকল্পসমূহের অগ্রগতি তুলে ধরা হয়। এসব প্রকল্পের কার্যক্রম মানসম্মতভাবে এবং দ্রুত শেষ করার সুপারিশ করা হয়। বৈঠকে ঠাকুরগাঁও উপজেলায় নির্মিত সিনুয়া নদীতে বাসিয়াদেবী রেগুলেটর থেকে খরা মৌসুমে অধিক শস্য ফলনের জন্য পানি সরবরাহের জন্য সাইড চ্যানেল নির্মাণে সঠিক নকশা প্রণয়ন ও যথাসময়ে কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ করা হয়। বৈঠকে কমিটি সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আফজাল হোসেন, শামসুল হক চৌধুরী এবং ফরিদুল হক খান অংশ নেন। এ সময় পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১