বাংলাদেশের খবর

আপডেট : ২৭ September ২০১৯

৭৫ শতাংশ মানুষের মতে ঘুষ দেওয়া স্বাভাবিক


বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোনো অভিযোগ ছাড়াই ঘুষ দেন। ৭৫ শতাংশ ঘুষ দেওয়াকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নিয়েছেন। ঘুষ না দিলে সেবা পাবেন না, এমনটি মনে করেন দেশের ৮৯ শতাংশ মানুষ। সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় সরকারি সনদ (জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন) নিতে। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে দেশে ঘুষের এ ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। 

গতকাল বৃহস্পতিবার রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবি কার্যালয়ে তথ্য অধিকার আইন ও দুর্নীতি প্রতিরোধ: আইনের প্রথম দশকের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক এক আলোচনা সভায় গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। নানা সেবা পেতে ঘুষ দিয়েছেন এমন ১৬ হাজার মানুষ এ জরিপে অংশ নেয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন সাংবাদিক ও গবেষক অধ্যাপক আফসান চৌধুরী।

এতে বলা হয়, দেশের ৭৫ শতাংশ মানুষই ঘুষ দেওয়াকে তাদের জীবনের একটা অংশ হিসেবে মনে করেন। বাকি ২৫ শতাংশ মানুষ অভিযোগ করলেও ইতিবাচক কোনো কিছু দেখেননি। তাদের মতে,  অভিযোগ করলে লাভের চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই বেশি। ৫০ শতাংশ কর্মকর্তা সরাসরি ঘুষ চেয়েছেন। ৪০ শতাংশ কর্মকর্তা একটু গোপনে অর্থ দাবি করেছেন। আর বাকি ১০ শতাংশ কর্মকর্তা সেবা পাইয়ে দেওয়ার কথা বলে অফিসের বাইরে গিয়ে অর্থ দাবি করেছেন।

ঘুষ দেওয়া ৬০ শতাংশ জানান, শাস্তি দিয়ে দুর্নীতি কমানো যাবে না। আইন করলে হবে না, এর প্রয়োগ যথাযথ থাকা দরকার। আর ২০ শতাংশ মানুষ মনে করেন, যারা শাস্তি দেবে তারাই দুর্নীতির সঙ্গে জড়িত। ১৫ শতাংশ মতে শাস্তির দেখা মিলবে না দুর্নীতির কারণে। আর ৫ শতাংশ মনে করেন, দুর্নীতি বিষয়ে শাস্তি দিতে গেলে ঝামেলা হবে আরো বেশি।

দুর্নীতির প্রতিকারের বিষয়ে বলা হয়, এজন্য সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। সামাজিক আন্দোলন রাজনৈতিক পদক্ষেপের চেয়ে শক্তিশালী। এর মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী তথ্য অধিকার আইন জানা ও এ আইনের প্রয়োগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ড. অনন্য রায়হান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১