বাংলাদেশের খবর

আপডেট : ২৯ September ২০১৯

এক দশকের মধ্যে দেশ দারিদ্র্যমুক্ত হবে: অর্থমন্ত্রী


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী এক দশকের মধ্যে বাংলাদেশ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে।

তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ৫ বছরের মধ্যে জিডিপির প্রবৃদ্ধি দুই অঙ্কের ঘরে পৌঁছাবে।’

আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে তিনি এসব কথা বলেন।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশন বৃদ্ধি, অন্তর্ভুক্তি, সেবা সরবরাহ এবং স্মার্ট প্রশাসন প্রচারের জন্য দুদিনের এই অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনী সেশনে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, আপনারা বিনিয়োগের জন্য বাংলাদেশকে নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করতে পারবেন। অন্যান্য দেশের তুলনায় এখানে উৎপাদন ব্যয় কম। পাশাপাশি একটি অবস্থান সুবিধাও রয়েছে।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি রয়েছে। পদ্মা সেতু শেষ হওয়ার পরে প্রতি বছর জিডিপি প্রবৃদ্ধি এক শতাংশ বাড়বে।

এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, গত দশ বছরে বাংলাদেশ দ্রুত অগ্রগতি অর্জন করেছে। দেশটিকে আজ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের মডেল হিসাবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব (ভারপ্রাপ্ত) ফরিদা নাসরিন প্রমুখ বক্তব্য রাখেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১