বাংলাদেশের খবর

আপডেট : ১৮ October ২০১৯

ইউজিসিকে প্রধানমন্ত্রী

আইন প্রয়োগে কঠোর হতে হবে


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমে সুশাসন ফেরাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) আইন প্রয়োগে কঠোর হতে হবে। গতকাল বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা (ইউজিসি) আইনের বাইরে যাবেন না, একেবারে কঠোরভাবে এটা প্রয়োগ করবেন। ইউজিসি চেয়ারম্যান প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন, আইন শক্তভাবেই অনুসরণ করা হচ্ছে। আইনের বাইরে গেলে কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। ইউজিসি চেয়ারম্যান জানিয়েছেন, ৩০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে অনিয়মের জন্য নজরদারিতে রাখা হয়েছে। ওইসব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবকদের গণবিজ্ঞপ্তি দিয়ে সতর্কও করা হয়েছে।

অধ্যাপক কাজী শহীদুল্লাহর প্রধানমন্ত্রীকে বলেন, কমিশন একটি গবেষণা নীতিমালা তৈরি করেছে। শিক্ষক প্রশিক্ষণের জন্য তিনি পিএটিসির মতো একটি একাডেমি চান।  দেশে সরকারি-বেসরকারি মিলে এখন ১৫৫টির মতো বিশ্ববিদ্যালয় রয়েছে। এজন্য ইউজিসির জনবল বাড়ানোর উদ্যোগ নিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, কার্যালয় সচিব সাজ্জাদুল হাসান প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১