বাংলাদেশের খবর

আপডেট : ২০ October ২০১৯

প্রথমবার একসঙ্গে রিয়াজ-ফেরদৌস-তারিন 


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই মুখ রিয়াজ ও ফেরদৌস। সমসাময়িক চলচ্চিত্রে তারা দুজন উপহার দিয়েছেন দর্শকনন্দিত ও ব্যবসা সফল অনেক সিনেমা। ‘বস্তির মেয়ে’, ‘এই মন চায় যে’সহ বেশ কিছু চলচ্চিত্রে তারা একসঙ্গে অভিনয়ও করেছেন।

এই দুই নায়কের সঙ্গে এবার কাজ করলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান। প্রথমবারের মতো একই পণ্যের বিজ্ঞাপনে মডেল হলেন জনপ্রিয় এই তিন মুখ। গত ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারের মনোরম লোকেশনে আফতাব বিন তমিজের নির্দেশনায় তারা তিনজন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মৈত্রী শিল্পের পণ্যের বিজ্ঞাপনের শুটিং করেছেন।

বিজ্ঞাপনটি নিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এটা আসলে দায়বোধের জায়গা থেকে করা। খুব চমৎকার প্লট ছিল বিজ্ঞাপনটির। তিনজনই বেশ মজা করে কাজ করেছি। তারিনের সঙ্গে এর আগে আমার কাজ করা হয়েছে। তবে ফেরদৌসকে নিয়ে তিনজন প্রথমবার ফ্রেম ভাগাভাগি করলাম। এটি প্রচারে এলে আশা করছি দর্শক বেশ উপভোগ করবেন।’

রিয়াজ বর্তমানে নিজের ব্যবসার পাশাপাশি ছোট পর্দায় অভিনয় করছেন। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন আবারো চলচ্চিত্রের অভিনয়ে ফিরবেন বলে। সেই সঙ্গে ভালো গল্প পেলে সিনেমা প্রযোজনা করারও ইচ্ছে রয়েছে তার। এদিকে ফেরদৌস বর্তমানে ব্যস্ত রয়েছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের নির্দেশনায় ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা দুটির কাজ নিয়ে। সেই সঙ্গে সম্প্রতি শেষ করলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’র বিচারকার্যের দায়িত্ব।

আর তারিন অনিয়মিতভাবে হাজির হচ্ছেন নাটক-টেলিছবিতে। পাশাপাশি সেলন সুপার সিঙ্গার রিয়েলিটি শোর বিচারক হিসেবেও কাজ শেষ করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১