বাংলাদেশের খবর

আপডেট : ২৩ October ২০১৯

হচ্ছে না বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব


২০১৩ সাল থেকে টানা ছয়বার অনুষ্ঠিত হয়েছে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীত উৎসব। দেশি-বিদেশি শিল্পীদের বাদ্যযন্ত্র আর ধ্রুপদী সুরের মূর্ছনায় সিক্ত হয়েছেন দেশের সংগীত পিপাসুরা। প্রতিবছরই হাজার হাজার মানুষ হাজির হয়েছেন উচ্চাঙ্গসংগীতের মিলনমেলায়। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত তারা সুরের অমিয় ধারায় স্নান করেছেন।

২০১৪ সালে সারা দেশে আগুন-সন্ত্রাসের সময়ও নির্বিঘ্নে এ উৎসব চলেছে। এমনকি ২০১৬ সালে হলি আর্টিজানের মতো ভয়াবহ ঘটনার পরেও বিদেশি শিল্পীরা বাংলাদেশে এসেছিলেন গান শোনাতে। আর দেশের মানুষও এসেছিলেন বাঁধভাঙা জোয়ারের মতো।

২০১৭ সালে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের বাংলাদেশে আসা উপলক্ষে নিরাপত্তার কারণ দেখিয়ে আর্মি স্টেডিয়াম বরাদ্দ না দেওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছিল উৎসব আয়োজন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহে ধানমন্ডির আবাহনী মাঠে উৎসব আয়োজন করা হয়। আর্মি স্টেডিয়ামের পরিবর্তে ধানমন্ডির আবাহনী মাঠে ২৬ থেকে ৩০ ডিসেম্বর বসেছিল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৭।

দারুণ জনপ্রিয় হয়ে ওঠা এই আয়োজনটি হঠাৎ গত বছর থেকে বন্ধ হয়ে যায়। সবার প্রত্যাশা ছিল, সব জটিলতা কাটিয়ে এবার ঠিকই বসবে উচ্চাঙ্গসংগীতের মিলনমেলা। কিন্তু এবারো ক্লাসিক গানের আন্তর্জাতিক এই উৎসব থেকে বঞ্চিত হবেন শ্রোতারা।

কারণ, ভেন্যু জটিলতা। নিরাপত্তাজনিত সমস্যায় আর্মি স্টেডিয়ামে অনুমতি পাওয়া যায়নি। বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত নয় আবাহনী মাঠও। সেখানে মাঠ উন্নয়নের কাজ চলছে। তাই এবার উৎসব হবে না জানিয়ে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বলেন, ‘নভেম্বরে উৎসব করার পরিকল্পনা ছিল। চেষ্টা করছিলাম এবার পুরনো ভেন্যুতেই ফিরে যাওয়া যায় কি-না। কিন্তু সম্ভব হয়নি। আমাদের উৎসব তো রাতব্যাপী চলে। সারা রাত নিরাপত্তা নিয়ে জটিলতা থাকায় অনুমতি পাওয়া যায়নি।’

তিনি জানান, আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পেয়ে আবাহনী মাঠকেই বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে কাজ চলছে। তাই চলতি বছর এই উৎসব করা থেকে সরে এসেছে বেঙ্গল।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১