বাংলাদেশের খবর

আপডেট : ২৪ October ২০১৯

দোষীদের ফাঁসি চান মা


ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায় ঘোষণা করার দিন ধার্য রয়েছে আজ বৃহস্পতিবার। রায়ে সব আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেছেন নুসরাতের মা শিরিন আখতার। গতকাল বুধবার বিকেলে সোনাগাজী পৌর এলাকার উত্তর চরচান্দিয়া গ্রামের বাড়িতে তিনি সাংবাদিকদের মাধ্যমে এমন দাবি করেন।

কাঁদো কাঁদো কণ্ঠে নুসরাতের মা আরো বলেন, ‘আমার মেয়ে ১০ দিন সীমাহীন কষ্ট করেছে। এক টুকরো অক্ষত মাংস নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারেনি। সেই যন্ত্রণা যেন খুনিদেরও দেওয়া হয়। তাদের এমন শাস্তি হোক যেন আর কোনো মায়ের বুক খালি না হয়। আমি সব আসামির ফাঁসি চাই।’

নুসরাতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে নুসরাতের মা শিরিন আখতার বলেন, প্রধানমন্ত্রীর আন্তরিকতা আর দিক-নির্দেশনা না থাকলে এত দ্রুত সময়ে হত্যাকাণ্ডের বিচার হওয়া সম্ভব হতো না। তিনি আমাদের পাশে ছিলেন বলেই আসামিদের বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের খেয়াল না করলে আমাদের অস্তিত্বও থাকত না। প্রধানমন্ত্রী সান্ত্বনা দিয়েছিলেন, এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

আসামিপক্ষ থেকে হুমকি-ধমকির ব্যাপারে নুসরাতের মা বলেন, আসামিরা হুমকি দিচ্ছে, তারা আমাদের বাড়ি-ঘর পুড়িয়ে ফেলবে। ঘরে বাতি দেওয়ার মতো কোনো লোক থাকবে না। নুসরাতের কবর থেকে লাশ গায়েব করার হুমকিও দিচ্ছে তারা।

নিজেদের নিরাপত্তার ব্যাপারে শিরিন আখতার বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ আমাদের পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে, রায় কার্যকর হওয়া পর্যন্ত যেন এ নিরাপত্তা কার্যক্রম চালু থাকে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১