বাংলাদেশের খবর

আপডেট : ২৭ October ২০১৯

সৈয়দ আবদুল হাদীর ‘মনের জানালা’


বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর নতুন গান এখন ইউটিউবে খুব কমই প্রকাশিত হয়। তারপরও গুণী এই সংগীতশিল্পীকে নিয়ে অনেকেই নতুন নতুন গান সৃষ্টি করার ক্ষেত্রে ভীষণ আগ্রহী। ঠিক তেমনই আগ্রহী গীতিকবি জামাল হোসেন। তারই লেখা একটি গানে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আবদুল হাদী। গানটির শিরোনাম হচ্ছে ‘মনের জানালা’। গানটি লিখেছেন জামাল হোসেন এবং সুর-সংগীত করেছেন মুহিন খান। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন সৈয়দ আবদুল হাদী।

গানটি প্রকাশিত হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে গীতিকার জামাল হোসেন বলেন, ‘গানটির কথার সঙ্গে মুহিনের সুরের সমন্বয়টা একদম আমার মনেরই মতো। হাদী ভাই বাংলাদেশের একজন কিংবদন্তি সংগীতশিল্পী। তিনি এত দরদ দিয়ে গেয়েছেন যে, যতবারই গানটি শুনি, মন ভরে যায়।’

 সৈয়দ আবদুল হাদী বলেন, ‘মনের অনুভূতি প্রকাশের এক অন্যরকম ভালোলাগা মনের জানালা গানটি। গানটির কথায় মুগ্ধ আমি। আর মুহিনতো খুব ভালো কাজ করছে এখন। চমৎকার সুর করেছে। গানটিতে কণ্ঠ দেওয়ার সময়ই আমার খুব ভালো লেগেছিল। শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগলেই সবার কষ্ট সার্থক হবে।’ মুহিন বলেন, ‘হাদী স্যার আমার সুরে গান গেয়েছেন এটা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। আমি খুব ছোট্ট একজন মানুষ। তাকে নিয়ে কাজ করার সাহস করাটাই অনেক বড় কিছু। তিনি যে আমার সুর-সংগীতে গান গেয়েছেন, এটা আমার চলার পথে অনেক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।’

এদিকে এরই মধ্যে সৈয়দ আবদুল হাদী ফাহমিদা নবীর সুরে ও পঞ্চমের সংগীত পরিচালনায় একটি গানে কণ্ঠ দিয়েছেন। সৈয়দ আবদুল হাদী বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। বর্তমানে তিনি দেশেই আছেন। বর্তমানে তিনি বেশ কিছুটা সময় নিজের জীবনকাহিনী লেখাতেও দিচ্ছেন। তবে তরুণ সংগীত পরিচালকদের সঙ্গে কাজ করার আগ্রহ এখন বেশি তার।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১