বাংলাদেশের খবর

আপডেট : ৩১ October ২০১৯

আজীবন সম্মাননা পাচ্ছেন মামুনুর রশীদ


আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আন্তর্জাতিক নাট্য উৎসব আয়োজন করতে যাচ্ছে বটতলা। আগামী ১৬ নভেম্বর সন্ধ্যায় এ উৎসব শুরু হবে। ২৬ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের দিন আজীবন সম্মাননা দেওয়া হবে খ্যাতিমান অভিনেতা, নাট্যকার, নির্দেশক মামুনুর রশীদকে।

উৎসব পরিচালক মোহাম্মদ আলী হায়দার জানিয়েছেন, ১৬ নভেম্বর ‘বটতলা রঙ্গমেলা ২০১৯’ শিরোনামের উৎসব উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন তিন তরুণ নাট্যকার সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা।

১১ দিনব্যাপী এই আন্তর্জাতিক নাট্যোৎসবে প্রতিদিন মূল রঙ্গমঞ্চে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে বটতলাসহ বাংলাদেশের দুটি ও বিদেশের ৮টি দল নাটক পরিবেশন করবে। বাংলাদেশ ছাড়া উৎসবে অংশগ্রহণকারী দেশ হচ্ছে- ভারত, স্পেন, ইরান ও নেপাল। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বহিরাঙ্গনে নাদিম মঞ্চে থাকছে নাটক, গান, কবিতা, নাচসহ বিভিন্ন আনন্দ আয়োজন। গত বছরের মতো এবারো থাকছে দেশের আটটি বিভাগের আট নাট্যজনকে সম্মাননা দেন, যারা খুব নীরবে দীর্ঘদিন ধরে নাট্যচর্চাকে এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং করছেন। সম্মাননা পাবেন দেলোয়ার হোসেন (বরিশাল), হেমেন্দ্র চৌধুরী (সিলেট), হরিপদ সূত্রধর (ঢাকা), সবিতা সেনগুপ্ত (রংপুর), গৌরাঙ্গ আদিত্য (ময়মনসিংহ), মিলন চৌধুরী (চট্টগ্রাম), অনিতা মৈত্র (রাজশাহী) ও রোহানি বেগম মেরী (খুলনা)।

নাটক মঞ্চায়নের পর প্রতিদিন বহিরাঙ্গনে নাদিম মঞ্চে রাত সাড়ে ৯টা থেকে ১০টায় দর্শকের মুখোমুখি হবে সংশ্লিষ্ট নাটকের নির্দেশক। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত গান, নাটক, কবিতা ও নাচে অংশ নেবেন মণিপুরী থিয়েটার, ক্ষ্যাপা বাউল, জবিরঙ্গ, সমগীত, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, এফ মাইনর, ঢাকা থিয়েটার, মাদল, সর্বনাম, জাককানইবি নাট্যকলা ও পরিবেশনা বিভাগ এবং বেতালের শিল্পীরা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১