বাংলাদেশের খবর

আপডেট : ০৯ November ২০১৯

জাবি ভিসির 'দুর্নীতির' তথ্য-উপাত্ত ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বন্ধ ক্যাম্পাসেও চলছে আন্দোলন।  প্রশাসনের সকল বাধা উপেক্ষা করে আজ শনিবার পটচিত্র অঙ্কনের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছে 'দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' ব্যানারে আন্দোলনরত শিক্ষক -শিক্ষার্থীরা।

এদিন বিকাল ৪:৩০ টায় কলা ও মানবিকী অনুষদ থেকে পটচিত্র অঙ্কনের ছবি হাতে নিয়ে একটি মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারো কলা অনুষদের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে বিকাল ৪টা থেকে কলা অনুষদের সামনে জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। পরে পূর্বঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে প্রতিবাদী পটচিত্র অঙ্কনের ছবি দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

চিত্রাঙ্কন শিল্পীরা বলেন, 'চিত্রাঙ্কন হলো আমাদের  প্রতিবাদের একটি ভাষা। যা মুখে এতো দিন বলে আসছিলেন তা রঙ্গ ও তুলির মাধ্যমে প্রকাশ ঘটেছে।' 

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী শান্ত জানান, 'রঙ্গের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ভিসির দুর্নীতির নানা দিক। প্রকাশ পেয়েছে আমাদের অব্যক্ত কথা। আমাদের চলমান আন্দোলনের ঘটনাগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি। 

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তানজিদা শহিদ বলেন,'আমরা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্যের চরিত্রকে চিত্রের মাধ্যমে তুলে ধরছি। তার দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নিপীড়কদের প্রশ্রয়, শিক্ষাকে ব্যবসা ইত্যাদি অঙ্কিত হচ্ছে এ চিত্রের মাধ্যমে'।

আন্দোলনের আহ্বায়ক ও দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, উপাচার্যের দুর্নীতি, অনিয়মের বিভিন্ন দিক এই পটচিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এই দুর্নীতিবাজ উপাচার্য অপসারিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।'

আন্দোলনের অন্যতম সংগঠক রাকিবুল হক রনি বলেন, 'হামলা-মামলা ও হুমকিতে অগ্রাহ্য করে নৈতিকস্খলন ও দুর্নীতির দায়ে অভিযুক্ত উপাচার্যকে অপসারণ এবং দুর্নীতিতে জড়িত সকলের রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।'

জাবি শাখা ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ বলেন, আমরা পটচিত্রের মাধ্যমে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ করছি । এসব পটচিত্রে উপাচার্যের দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, ছাত্রলীগ দ্বারা আন্দোলনকারীদের ওপর হামলাসহ সব অনিয়ম তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এই অসৎ উপাচার্যের অপসারণ চাইছি।

এদিকে শুক্রবার রাতে আন্দোলনকারীদের ৪ জনের একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলীম খানের বনশ্রীর বাসভবনে গিয়ে উপাচার্যের নানাবিধ দুর্নীতির প্রমাণাদি জমা দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে। 

আন্দোলনকারী ও বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির সকল কাগজ, অডিও-ভিডিও আমরা শিক্ষামন্ত্রীর একান্ত সচিবের কাছে জমা দিয়েছি। আশা করছি, অতি দ্রুত দুর্নীতির বিষয়টি উচ্চপদস্থ কর্মকতারা খতিয়ে দেখবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১