বাংলাদেশের খবর

আপডেট : ১৩ November ২০১৯

কলমাকান্দায় পল্লীবিদ্যুতের টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে মানববন্ধন


নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অবৈধভাবে নেওয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ভুক্তভোগীরা ।

মঙ্গলবার বিকালে উপজেলার রহিমপুর বাজারে  ঘণ্টাব্যাপী এক মানববন্ধন থেকে নাজিরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের ভুক্তভোগীরা এ প্রতিবাদ জানায়।

মানববন্ধন করার আগে ভুক্তভোগীদের পক্ষে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেন মো. সিদ্দিক মিয়া।

মানববন্ধনে রহিমপুর গ্রামের ভূক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল বলেন, রহিমপুর গ্রামের  তিন শতাধিক পরিবারের সাথে প্রতারণা করেছে অফিসের দালালচক্র। বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে তারা আবাসিক গ্রাহকদের কাছ থেকে চার হাজার থেকে পয়ঁত্রিশ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ঘুষের পরিমাণ আরো  বাড়ে। এই ঘুষকে কেন্দ্র করে কয়েক দফা মারামারির ঘটনাও ঘটেছে।  লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালালচক্র। অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও নেওয়া টাকা ফেরতের দাবি জানান ভুক্তভোগীরা।

মানববন্ধন চলাকালীন সময়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন স্থানীয়  সংসদ সদস্য মানু মজুমদার। এক পর্যায়ে গাড়ি থামিয়ে  ভুক্তভোগীরা টাকা ফেরত পাওয়ার জন্য মৌখিক অভিযোগ দেন। ওই সময় ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগের বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখবেন বলে আশ্বস্ত করেন সংসদ সদস্য ।

এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা সাংবাদিকদের কাছে  বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে অবৈধভাবে টাকা নেওয়ায় বিষয়টি অস্বীকার করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১