বাংলাদেশের খবর

আপডেট : ১৬ November ২০১৯

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী।

এর আগে সম্মেলনের প্রধান অতিথি শেখ হাসিনার আগমনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ইত্যাদি স্লোগান দেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শনিবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে আসতে শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে মিছিল নিয়ে তাদের আসতে দেখা যায়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছিল, এবারের সম্মেলনে ১৯৭৫ জন কাউন্সিলর এবং প্রায় ১৮ হাজার ডেলিগেট উপস্থিত থাকবেন। এছাড়াও অতিথি থাকবেন প্রায় ১৫ হাজার। এ সম্মেলন সফল করতে ১৩টি উপ-কমিটি গঠন করা হয় বলেও জানিয়েছিলেন সংগঠনের নেতারা।

বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংগঠনটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানেই সংগঠনের পরবর্তী সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে ঘোষণা করা হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নামও।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১