বাংলাদেশের খবর

আপডেট : ১৭ November ২০১৯

সম্রাটের ৬ দিনের রিমান্ড মঞ্জুর


অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা মামলায় যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে কারাগার থেকে সম্রাটকে আদালতে হাজির করে পুলিশ। এসময় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে দুদক।

অপরদিকে, সম্রাট তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত ।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। পরে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়-ঢাকা-১ এ সম্রাটের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

গত ৭ অক্টোবর রমনা থানা পুলিশ অস্ত্র ও মাদক আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোপূর্বক ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ১৫ অক্টোবর অস্ত্র মামলায় পাঁচদিন ও মাদক মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ২৪ অক্টোবর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১