বাংলাদেশের খবর

আপডেট : ১৮ November ২০১৯

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ৪ ডিসেম্বর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফাইল ছবি


মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

সোমবার কেরানীগঞ্জের নতুন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত আদালতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নূর নতুন এই তারিখ ধার্য করেন। আজ এ মামলার অভিযোগ গঠনে শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা শুনানির তারিখ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ৪ ডিসেম্বর নতুন তারিখ ধার্য করে। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে জোট করে নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসন। তিনি (খালেদা জিয়া) রাজাকার-আলবদর নেতাকর্মীদের মন্ত্রী-এমপি বানিয়ে তাদের বাড়ি-গাড়িতে স্বাধীন বাংলাদেশের মানচিত্র ও জাতীয় পতাকা তুলে দেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মানহানির মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

পরের বছর ২৫ ফেব্রুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দাখিল করেন তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান (তদন্ত)। মামলার অন্য আসামি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মৃত বলে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। ২০১৮ সালের ৩১ জুলাই এ মামলায় ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েস খালেদার জামিন মঞ্জুর করেন।

দুদকের দুই মামলায় ১০ ও ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১