আপডেট : ২০ November ২০১৯
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির পেছনে সরকারের সিন্ডিকেটের কারসাজি রয়েছে দাবি করে তাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষক দলের মানববন্ধনে এ আহ্বান জানান তিনি। এ সময় সেলিমা বলেন, ‘পেঁয়াজের দাম কারা বাড়াচ্ছে? এখন চালের দামও বাড়ছে। এসব পণ্যের দাম বাড়াচ্ছে সরকারের একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট চলছে একের পর এক। ’৭৪-এর সেই করাল ছায়া আবার যেন বাংলাদেশকে গ্রাস করতে চলেছে। সিন্ডিকেটের এই দৌরাত্ম্য আমরা হতে দেব না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের জনতার রুখে দাঁড়ানোর সময় এসেছে। জনতার সঙ্গে সমগ্র ঐক্যবদ্ধ শক্তির একতা এখন আমাদের প্রয়োজন। সকলে ঐক্যবদ্ধ হোন। সেলিমা বলেন, ‘আজকে গুম-খুন নিত্যদিনের ঘটনা। ক্যাসিনো ধরা পড়ছে। কিন্তু তার কোনো বিচার নাই। কয়েকটা চুনোপুঁটি ধরে আজকে পেঁয়াজ দিয়ে সেটা ঢাকা হচ্ছে। তারপরে আসবে চাল, চাল দিয়ে ঢাকা হবে পেঁয়াজের দাম। এভাবে বিভিন্ন পণ্যের দাম বাড়বে।’ এসবের জন্য ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপি এ নেত্রী বলেন, ‘একটা কর্তৃত্ববাদী হাইব্রিড সরকার জোর করে ক্ষমতায় থাকার জন্য সাধারণ মানুষকে জিম্মি করে নিয়েছে। এই অবস্থা বদলাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, কৃষক দলের হাসান জাফির তুহিন, তকদির হোসেন জসিম, সাইফুল ইসলাম, এ কে এম মোয়াজ্জেম হোসেন, শাহজাহান মিয়া সম্রাট, এল রহমান, নাসির হায়দার, মিয়া মো. আনোয়ার ও রফিকুল ইসলাম রিপন। .
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১