বাংলাদেশের খবর

আপডেট : ২৬ November ২০১৯

শমী মামলার তদন্তে পিবিআই


চু‌রির সন্দেহে সাংবাদিকদের আট‌কে রাখার ঘটনায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে করা মানহানি মামলা অধিকতর তদন্তের দায়িত্ব পেল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ২৪ অক্টোবর এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা পায়নি’ মর্মে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দেন তদন্ত কর্মকর্তা ও শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব রহমান।

সেই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন মামলার বাদী নুজহাতুল হাসান। সেই নারাজি আবেদনের ওপর শুনানি শেষে গত সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান অভিযোগটির অধিকতর তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান থেকে শমী কায়সারের দুটি স্মার্টফোন চুরি হয়ে যায়। ওই অনুষ্ঠানে প্রায় অর্ধশত সাংবা‌দিক ও ক্যামেরা পারসন এবং শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। হারা‌নো মোবাইল সাংবা‌দিকরা চু‌রি ক‌রে‌ছেন ব‌লে গেট আট‌কে রাখেন এবং সবাই‌কে তল্লাশির কথা ব‌লেন। এ ঘটনায় সামা‌জিক যোগা‌যোগ মাধ্যমে সমা‌লোচনার ঝড় ওঠে। প‌রে ৩০ এপ্রিল স্টুডেন্ট জার্নাল বিডির সম্পাদক নুজহাতুল হাসান দণ্ডবিধির ৫০০ ধারায় এ মানহানি মামলাটি দায়ের করেন।

বাদী মামলার এজাহারে উল্লেখ করেছেন, আসামির আচরণ বাদী ও দেশের সাংবাদিক সম্প্রদায়সহ সমাজের অন্য মহলের জন্য অত্যন্ত মানহানিকর ও অপমানজনক। আসামির এ রকম আচরণ অনলাইনে প্রচারিত হওয়ায় বাদী ও সাংবাদিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। সাংবাদিকদের চোর আখ্যায়িত করে দেশ ও জাতির কাছে বাদীর ভাবমূর্তি নষ্ট করেছেন আসামি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১