বাংলাদেশের খবর

আপডেট : ২৮ November ২০১৯

সাবেক এমপিসহ লাকসামের ২ বিএনপি নেতার গুমের ৬ বছর

লাকসামের বিএনপির দুই নেতার সন্ধান চায় স্বজনরা

নিখোঁজ বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ ছবি : সংগৃহীত


সময়টা ২০১৩ সালের ২৭ নভেম্বর। এদিন কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. সাইফুল ইসলাম হিরু সহ বিএনপি নেতাকে র‌্যাব পরিচয়ে আপহরণের পর গুম করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। হিরুর সঙ্গে সেদিন গুমের শিকার হয়েছিলেন হুমায়ুন কবির পারভেজ। পারভেজ লাকসাম পৌরসভা বিএনপির তৎকালীন সভাপতি ছিলেন। গতকাল বুধবার (২৭ নভেম্বর) ওই দুই বিএনপি নেতার গুমের ৬ বছর পূর্ণ হলেও আজও জানা যায়নি তারা জীবিত না মৃত।

সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম বলেন, আমারা আজও জানি না বাবা বেঁচে আছেন, নাকি তাদের খুন করা হয়েছে। এই প্রশ্নের উত্তর জানতে গত ছয়টি বছর পাগলের মতো ঘুরছি। কিন্তু কোন উত্তর আজও পাইনি। যদি শুনতাম উনাদের মেরে ফেলা হয়েছে, তাহলে মনকে বুঝিয়ে তাদের রুহের আত্মার শান্তি কামনা করে অন্তত দোয়া করতে পারতাম। আমরা সরকারের কাছে আর কিছু না হোক অন্তত এইটুকু জানতে চাই তারা জীবিত না মৃত।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই বিএনপি নেতাকে অপহরণের পর গুমের অভিযোগে র‌্যাব-১১ এর বাধ্যতামূলক অবসরে যাওয়া সাবেক অধিনায়ক (সিইও) লে.কর্ণেল তারেক সাঈদ মোহাম্মদসহ র‌্যাবের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি গত ৫৫ মাসের (৪ বছর ৭ মাস) বেশি সময় ধরে তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী কুমিল্লার আদালত দ্বিতীয় দফায় মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। ওই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত আদালতের দেওয়া সর্বমোট ৫৮ দফা সময়ের মধ্যেও মামলাটির তদন্ত প্রতিবেন জমা দিতে পারেননি তদন্ত কর্মকর্তা।

বাদীপক্ষে এই মামলার প্রধান আইনজীবি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন বলেন, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারী আদালত মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। কিন্তু এ পর্যন্ত ৫৮ দফা সময় পার হলেও এখনও তদন্ত প্রতিবেদন দাখিল করেননি মামলার বর্তমান তদন্ত কর্মকর্তারা। মামলার বাদী মো. গোলাম ফারুক বলেন, লাকসামের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ জনপ্রিয় মুখ। গত ৬ বছর থেকে তাদের ফিরে আসার প্রতীক্ষার প্রহর গুনছি। কিন্তু আমরা জানিনা তাদের ভাগ্যে কি ঘটেছে।

হিরু-হুমায়ুন এর সন্ধান নিশ্চিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এই প্রসঙ্গে জানতে চাইলে মামলাটির তদন্ত কর্মকর্তা, পুশিশের অপধার তদন্ত বিভাগ (সিআইডি) কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো.জামাল উদ্দিন বলেন, মামলার প্রতিবেদন মোটামুটি প্রস্তুত। সহসা আদালতে প্রতিবেদন জমা দিতে পারবো বলে আশা করছি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১