বাংলাদেশের খবর

আপডেট : ০৯ December ২০১৯

নন্দিতার নতুন গান


বছরের শেষপ্রান্তে এসে নতুন গান উপহার দিলেন এই সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা। জামাল হোসেনের লেখা ও মুহিন খানের সুর সংগীতে ‘গাঙচিল’ শিরোনামের নতুন গানটি প্রকাশিত হয়েছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন তিনি। এদিকে কিছুদিন আগেই দেশের প্রায় সবগুলো চ্যানেলে প্রচার শুরু হয় নন্দিতার প্রথম বিজ্ঞাপন। অনম বিশ্বাস পরিচালিত বাংলা লিংকের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসিত হন তিনি। ব্যক্তি জীবনে নন্দিতা যেমন ঠিক সেই আদলেই বিজ্ঞাপনটিতে নন্দিতাকে উপস্থাপন করা হয়েছে। তাই বিজ্ঞাপনটিতে যথাযথভাবে নিজেকে উপস্থাপনের কারণে বিজ্ঞাপনটিতে কাজ করে বেশ সাড়া পেয়েছেন নন্দিতা।

প্রথম বিজ্ঞাপনের জন্য অভূতপূর্ব সাড়া পাবার কারণে নন্দিতা নতুন আরো একটি বিজ্ঞাপনের কাজ করলেন। গেলো সপ্তাহে বিজ্ঞাপনটির কাজ শেষ হলো। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ড্রাই কেক’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি।

নতুন বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘প্রথম বিজ্ঞাপনটিতে কাজ করার পর বেশ সাড়া পেয়েছি। সবাই এটাই বলছিলেন যে আমি যেমন ঠিক তেমন করেই বিজ্ঞাপনটিতে আমাকে মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে। নতুন বিজ্ঞাপনটিও আশা করছি দর্শকের ভালো লাগবে।’

বিজ্ঞাপনে নিয়মিত হবেন কি-না এমন প্রশ্নের জবাবে নন্দিতা বলেন, ‘সত্যি বলতে কী মডেল হিসেবে কাজ করা অনেকটাই শখের বশে করা। আমার পেশা তো আসলে গান। যদি সবদিক থেকে কাজের সুবিধা থাকে তাহলে হয়তো আরো বিজ্ঞাপনে কাজ করব। কিন্তু আমার গানের ক্ষেত্রটার কোনোরকম ক্ষতি করে নয়।’

চলতি বছরের শেষপ্রান্তেই নন্দিতার নতুন বিজ্ঞাপনটি প্রচারে আসার কথা রয়েছে বলে জানান নন্দিতা। এদিকে গত দুদিন চট্টগ্রামে স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন। আজ ঢাকায় ফেরার কথা রয়েছে তার। ডিসেম্বর মাসজুড়েই স্টেজ শোতে তার ব্যস্ত থাকার কথা রয়েছে। পুরনো বাংলা গান ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’ গানটি গেয়ে নতুন করে আলোচনায় আসেন নন্দিতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১