বাংলাদেশের খবর

আপডেট : ১৭ December ২০১৯

ডেসটিনির চেয়ারম্যান-এমডির জামিন আবেদন খারিজ


ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিনের আবেদন খারিজ করেছেন সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। একইসঙ্গে বিচারিক আদালতে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

শুনানি শেষে আজ মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে গত রোববার এ আবেদনের ওপর শুনানি সম্পন্ন হয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের নভেম্বরে ডেসটিনি তাদের গাছ বিক্রি করে টাকা দেবে এমন শর্তে তাদের দুইজনকে জামিন দিয়েছিলেন আপিল বিভাগ। এ শর্ত সংশোধন চেয়ে তারা ২০১৭ সালে আপিল বিভাগে আবেদন করেছিলেন। সে আবেদন ওই বছরের ৩০ নভেম্বর খারিজ হয়ে যায়। পরে তারা আবার জামিন চান।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ৩১ জুলাই রফিকুল আমিন ও মোহাম্মদ হোসেনসহ ডেসটিনি গ্রুপের ২২ জনের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় দুটি মামলা করে দুদক। ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ (এমএলএম) ও ট্রি-প্ল্যানটেশন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের মধ্যে ৩ হাজার ২৮৫ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ৫২৪ টাকা আত্মসাৎ করে পাচারের অভিযোগে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দুটি করা হয়। বর্তমানে এ মামলায় দুজনই কারাগারে রয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১