বাংলাদেশের খবর

আপডেট : ১৯ December ২০১৯

রুনা লায়লার সঙ্গে বাংলায় প্রথম ডুয়েট আদনান সামির


বাঙালিদের মন জয় করার জন্য নতুন চমক দেখালেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। সম্প্রতি তিনি বাংলায় প্রথমবারের মতে ডুয়েট গান গেয়েছেন। তাও আবার বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে।

আদনান সামির গাওয়া বাংলা গানের শিরোনাম 'থাকো যখনই তুমি'। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান মনির, ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

এই সময়ের প্রতিবেদনে বলা হয়, আদনান প্রথম চমক দেখিয়েছিলেন গানের গলায়। এরপর নিজের ওজন কমিয়ে একেবারে বাজিমাত করেছিলেন। বহুদিন ধরেই বাংলা গান গাওয়ার ইচ্ছে ছিল তার। সেই ইচ্ছে পূরণ করলেন বাংলাদেশের বিখ্যাত গায়িকা রুনা লায়লা। তার সুর করা বাংলা গান গেয়েছেন আদনান সামি। শুধু তাই নয়, দ্বৈত কণ্ঠের এই গানটি তিনি গেয়েছেন রুনা লায়লার সঙ্গে।

একটি ভিডিও বার্তায় প্রথম বার বাংলা গান গাইতে পেরে মনের আনন্দের কথা প্রকাশ করে আদনান সামি।

গানটি সম্পর্কে ভারতের এই জনপ্রিয় প্লেব্যাক শিল্পী বলেন, 'প্রথমেই বলতে চাই, এটাই হতে যাচ্ছে আমার গাওয়া প্রথম বাংলা গান। আমি খুবই খুশি। আমার জন্য সবচেয়ে সম্মানজনক ব্যাপার হচ্ছে, গানটি আমি মহান ও কিংবদন্তি শিল্পী রুনা লায়লার সঙ্গে গেয়েছি। তার চাইতেও বড় ব্যাপার, গানটির কম্পোজিশন তারই করা।'

রুনা লায়লা ও আদনান সামির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মডেল হয়েছেন শ্যামল মাওলা ও জুঁই।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১