আপডেট : ১৯ December ২০১৯
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভূক্ত করায় দেশ ও জাতির কাছে ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। নোটিশে বলা হয়, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম থাকায় দেশের সকল মুক্তিযোদ্ধাদের হৃদয়ে আঘাত হানা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে। নোটিশে আরো বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করলে সংবিধান লঙ্ঘন করে মুক্তিযোদ্ধাদের চরিত্র হননের জন্য দেশের প্রচলিত আইনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, তীব্র সমালোচনার মুখে ১৮ ডিসেম্বর রাজাকারের তালিকা স্থগিত করে ওয়েবসাইট থেকে প্রত্যাহার করে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর আগে বিজয় দিবসের একদিন আগে ১৫ ডিসেম্বর রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১