আপডেট : ২২ December ২০১৯
আর কিছুদিন পরই শুরু হচ্ছে ইংরেজি নতুন বছর। নতুন বছরে একুশে টিভিতে প্রচারের জন্য নির্মিত হচ্ছে মেগা ধারাবাহিক ‘সুলতান ভাই’। পুরান ঢাকার ভাষায় নির্মাণ চলতি এই ধারাবাহিকটির গল্প রচনা করেছেন মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। নাটকটির উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন ফরিদুল হাসান। নাটকের গল্পের আকর্ষণ তিন বোন মোনালি, চামেলী ও সোনালী। এই দিন বোনের চরিত্রে যথাক্রমে অভিনয় করছেন নাজিরা মৌ, নাফা ও পূর্ণিমা বৃষ্টি। এরই মধ্যে রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে ও একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। নাটকটি পরিচালনা করছেন নাসির উদ্দিন মাসুদ। নাটকটি প্রসঙ্গে উপদেষ্টা পরিচালক ফরিদুল হাসান বলেন, তিন বোনের চরিত্রে নাজিরা মৌ, নাফা ও পূর্ণিমা বৃষ্টি খুব ভালো অভিনয় করেছেন। ধারাবাহিকটি নির্মাণের ক্ষেত্রে আমি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছি। সে হিসেবে আমি তাদের অভিনয়ে সন্তুষ্ট। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী নাজিরা মৌ বলেন, পুরান ঢাকার ভাষায় এবারই প্রথম আমার নাটকে অভিনয় করা। যে কারণে শুরুতে পুরান ঢাকার ভাষায় সংলাপ বলতে কষ্ট হলেও বেশ কয়েকটি পর্বের কাজ করার পর ভাষা আয়ত্তে চলে আসে। আমার চরিত্রটি আমি ভীষণ উপভোগ করছি। একজন অভিনেত্রী হিসেবে আমি আমার এই কাজটি নিয়ে সত্যিই ভীষণ আশাবাদী। নাফিসা চৌধুরী নাফা বলেন, নাটকটিতে আমি চামেলী চরিত্রে অভিনয় করছি। তিনজনই কাজটি ভীষণ উপভোগ করছি। আমি খুব আশাবাদী কাজটি নিয়ে। পূর্ণিমা বৃষ্টি বলেন, ফরিদুল হাসান ভাইয়ের তত্ত্বাবধানে এবারই প্রথম আমি কোনো ধারাবাহিক নাটকে কাজ করছি। সুলতান ভাই ধারাবাহিকের গল্পটাই আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে কাজটি করার জন্য। অভিনয়ে আমি নতুন, কিন্তু অভিনয়ে আমি ভীষণ সিরিয়াস। নিজের চরিত্রটি আমি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। ধন্যবাদ ফরিদ ভাইকে আমাকে এই ধারাবাহিকের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য। ধারাবাহিকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ভার্সেটাইল অভিনেতা আনিসুর রহমান মিলন। এদিকে আগামী এপ্রিলে নাজিরা মৌ অভিনীত ‘নন্দিনী’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান মৌ। এছাড়া তিনি নিয়মিত বৈশাখী টিভিতে প্রচার চলতি ‘রসের হাঁড়ি’ ও ‘বউ শাশুড়ি’তে অভিনয় করছেন। দুটিই নির্মাণ করছেন আকাশ রঞ্জন। নাফা অভিনীত ‘বউ শ্বাশুড়ি’ বৈশাখী টিভিতে এবং ন্যালস-জয়ন্ত পরিচালিত ‘আবির্ভাব’ দেশ টিভিতে প্রচার হচ্ছে। পূর্ণিমা বৃষ্টি অভিনীত মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘বিবাহ অ্যাটাক’ ধারাবাহিকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার শুরু হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১