বাংলাদেশের খবর

আপডেট : ২৬ December ২০১৯

নতুন বছরও জয়াকে দিয়ে শুরু হচ্ছে


চলতি বছরে দেশে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল জয়া আহসান অভিনীত ‘বিসর্জন’। আসছে নতুন বছরও তারই অভিনীত ছবি দিয়েই শুরু হতে যাচ্ছে। দেশের প্রেক্ষাগৃহে আগামী বছরের শুরুটাও হবে জয়া আহসান অভিনীত আমদানি করা সিনেমা ‘রবিবার’ দিয়ে। আগামী ৩ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাফটা চুক্তির আওতায় আমদানি করা ‘রবিবার’ ছবিটি মুক্তির প্রস্তুতি চলছে। বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

এদিকে কলকাতায় রবিবার ছবির মুক্তি উপলক্ষে প্রচারণায় ব্যস্ত থাকা এই ছবির প্রধান অভিনয়শিল্পী জয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, বাংলাদেশে ছবিটি নতুন বছরের প্রথমে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি শুনেছেন।

‘রবিবার’ ছবিটি কলকাতায় ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। অতনু ঘোষ পরিচালিত এই ছবিতে বাংলাদেশের জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের প্রসেনজিৎ। এদিকে আমদানি প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে অনন্য মামুন পরিচালিত ‘আবার বসন্ত’ ছবিটি।

অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের পক্ষে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘বাংলাদেশে রবিবার মুক্তির জন্য মন্ত্রণালয়ে আবেদন করে গত বৃহস্পতিবার অনুমতি পেয়েছি। চলতি সপ্তাহে ছবিটি সেন্সরে জমা পড়তে পারে। সবকিছু ঠিক থাকলে ৩ জানুয়ারি বাংলাদেশের দর্শকেরা ছবিটি দেখতে পাবেন।’

গতবারের মতো এবারো নতুন বছরের প্রথম ছবিটি জয়া অভিনীত বলে তিনি আনন্দিত। কলকাতা থেকে জয়া বলেন, ‘এটা নিঃসন্দেহে অনেক আনন্দের সংবাদ। আমার সিনেমা যারা দেখতে ভালোবাসেন, অন্য রকম বাংলা সিনেমা দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই দেখুন। আমি ও প্রসেনজিৎ প্রথমবার পর্দা ভাগাভাগি করেছি।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১