বাংলাদেশের খবর

আপডেট : ৩০ December ২০১৯

সাতক্ষীরায় দেড় কোটি টাকার ভারতীয় মাছ জব্দ, আটক ২


সাতক্ষীরায় ভারত থেকে অবৈধভাবে ট্রাকভর্তি প্রায় দেড় কোটি টাকার মুল্যের বিভিন্ন প্রজাতির মাছ আনার সময় মাছসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার রাতে জেলা সদরের বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে তাদের এসব মাছসহ আটক করা হয়।

আটক দুই চোরাকারবারী হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মামুনুর রশিদ (২৮) ও শ্যামনগর উপজেলার নকিপুর দেবলা গ্রামের নুর সালাম গাজীর ছেলে আকবর হোসেন (২৩)।

বিজিবি জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভোমরা স্থল বন্দর দিয়ে ট্রাকভর্তি বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রজাতির মাছ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন গাজীপুর বিওপির কমান্ডার হাবিলদার মহসিন আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল বাঁকাল চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। কিছু সময় পরেই মাছ ভর্তি ট্রাকটি ওই এলাকায় আসলে ট্রাকসহ ওই দুই চোরাবারীকে আটক করা হয়। এরপর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

বিজিবি আরো জানায়, জব্দকৃত ট্রাকসহ ভারতীয় মাছের মূল্য ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা।

এদিকে, এ ঘটনায় সীমান্তবর্তী গাজীপুর বিওপির কমান্ডার হাবিলদার মহসিন আলী বাদী হয়ে উপরোক্ত আটক দুই চোরাকারবারীসহ আমদানী কারক প্রতিষ্ঠান আশিক এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী জেলার শীর্ষ চোরাকারবারী আলফেরদাউস আলফা ও ইশা-তিশা ট্রান্সপোর্ট এজেন্সী মালিকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।

বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১